বাক্‌ ১১৩ : নাহিদ ধ্রুব




উভচর

অনন্ত প্যারাফিন জ্বলে — ছায়াঘাসে ;
জলবিম্বের শাদা মাস্তুলে বাতাস — মিশে
মহুয়াফুলের সাথে — এমন শান্তিজলে
শুয়ে থাকে পৃথিবীজোড়া উভচর মানব। 

কোথাও যাত্রা করে ঢেউখেলানো দিন —
দশদিকে চোখ মানুষের — আকাশদেশে
উড়ছে বার্তাবাহী চিল ; এই পথ মানুষের
নির্বিবাদী অরণ্যচরে — দূর থেকে আকাশ
তাকিয়ে থাকে আকাশের গায়ে — আর
মাটিতে মাটিতে ফোটে কবরীবন্ধন ফুল  —

দশটি হাত দশটি পা নিয়ে একটি মানুষ —
ভাবতে পারে দশদিকে চলে যাওয়ার কথা

এই পথ গভীর — আঙুলের ফাঁকে ফাঁকে
মানুষের ছায়া দেখে পেয়েছিল ব্যথা —
 
                                (চিত্রঋণ : প্রদোষ পাল)

No comments:

Post a Comment